উপন্যাস

উপন্যাস- পতঙ্গপ্রাণ- সমীর আহমেদ- পর্ব এগারো

উপন্যাস ।। পতঙ্গপ্রাণ - সমীর আহমেদ

উপন্যাস- পতঙ্গপ্রাণ- সমীর আহমেদ- পর্ব ছয়

উপন্যাস- পতঙ্গপ্রাণ- সমীর আহমেদ- পর্ব পাঁচ

উপন্যাস- পতঙ্গপ্রাণ- সমীর আহমেদ- পর্ব চার

উপন্যাস। পতঙ্গপ্রাণ। সমীর আহমেদ। প্রথম পর্ব

উপন্যাস- পতঙ্গপ্রাণ- সমীর আহমেদ- পর্ব দুই

উপন্যাস- পতঙ্গপ্রাণ- সমীর আহমেদ- পর্ব তিন

উপন্যাস- পতঙ্গপ্রাণ- সমীর আহমেদ- পর্ব সাত

উপন্যাস- পতঙ্গপ্রাণ- সমীর আহমেদ- পর্ব আট

উপন্যাস- পতঙ্গপ্রাণ- সমীর আহমেদ- পর্ব নয়

উপন্যাস- পতঙ্গপ্রাণ- সমীর আহমেদ- পর্ব দশ

উপন্যাস- পতঙ্গপ্রাণ- সমীর আহমেদ- পর্ব এগারো

ঘোড়া ছুটিয়ে শের আলী গাজী চোখের আড়াল হতেই পদ্মগন্ধার মন বিষণ্ন হয়ে উঠল। সেই প্রথম নদীর ঘাটে জল আনতে গিয়ে, ঘাট থেকে জলের কলস কাখে নিয়ে ওপরে উঠে আসার পর হঠাৎ কাশবনঘেরা নির্জন রাস্তায় রাজকীয় বেশে শের আলী গাজীকে দেখে সে কিছুটা ভয় পেয়েছিল বটে, কিন্তু আস্তে আস্তে ভয় কেটে যাবার পরই সে তাকিয়েছিল শের আলী গাজীর দিকে। মাথায় পাগড়ী, পরনে শেরওয়ানি, কোমরে গোঁজা তরবারি, মুখে কাটছাট চাপ দাড়ি, কমনীয় ঠোঁটে কী মাধুর্যময় হাসি! চেহারায় যেন আলো ঝলমল করছে। এই রাজকীয় বীরপুরুষই তাহলে দশ কাহনিয়ার জমিদার! তাদের মনিব! এতদিন সে শুধু তার নাম শুনেছে মাত্র। সেদিন নিজের চোখে দেখেও যেন পদ্মগন্ধার বিশ্বাস হচ্ছিল না, মনে হচ্ছিল সে স্বপ্ন দেখছে। পুরুষ মানুষ এত সুন্দর হয়! স্বপ্নঘোরের মধ্যে তার পাশ কেটে সে দৌড় দিয়েছিল বাড়ির দিকে। বাড়িতে ঢুকে তখনো সে আনমনা। মা কমলা দেবী চমকে উঠেছিল, কী হয়েছে পদ্মগন্ধা? তোমাকে এমন লাগছে কেন? তুমি গেলে জলকে। জলের কলস কই?
পদ্মগন্ধা সংবিৎ ফিরে পায়, হ্যাঁ তাই তো! এতক্ষণ দিব্যকান্তি মুসলিম যবনের চেহারা নয়নে গেঁথে কোথায় হারিয়ে গিয়েছিল সে! জলের কলস যে তার কেমন করে ভেঙে গেছে, মনে পড়ে না। শুধু মনে পড়ে কলসের কান্দা পড়ে আছে ঘাটের ওপরে। কিন্তু মাকে কী করে সে বলে, জমিদার শের আলী গাজীর সাথে নদীর ঘাটে দেখা হয়েছিল। তারপর কীভাবে যেন ভেঙে গেছে জলের কলস। মা যদি জানতে পারে, তাহলে গালাগাল দেবে, তোকে না আজ জল আনতে যেতে নিষেধ করেছিলাম পোড়ামুখি! এখন কী হবে উপায়?
যদিও জমিদার শের আলী গাজীর নারী নিয়ে কোনো কেলেঙ্কারীর কথা শোনা যায় না। কিন্তু হতে কতক্ষণ? যা চেহারা আর গায়ের রঙ তার মেয়ের! ওর দিকে চোখ পড়লে কি কোনো পুরুষ চোখ ফেরাতে পারবে? এজন্যই মেয়েকে জলকে যেতে দিতে চান না। দিলেও ওই কাশবনের ভেতরের পথ দিয়ে যেতে বলেন। এখানেও মেয়ের ওপর চোখ পড়ে গেল মুসলিম জমিদার যবনের! হায় ভগবান! এখন কী হবে উপায়? দুশ্চিন্তায় হয়তো সে ঘুমাতেই পারবে না। তাই পদ্মগন্ধা ঘটনাটা চেপে যায়। বলে, নদীর ঘাটলায় পা পিছলে ভেঙে গেছে জলের কলস।
তা তো যাবেই। কোনদিকে চেয়ে যে তুমি হাঁটো! মনে হয় আকাশের দিকে, তাই না? সব সময় পক্ষির মতো উড়ু উড়ু ভাব।
বসন্তরঞ্জন বলেন, আহ! মেয়েটাকে অযথাই দোষারোপ করছো। পা পিছলে কলস তো ভেঙে যেতেই পারে। পারে না?
কমলা দেবী ভাবেন, স্বামীর কথায় যুক্তি আছে। কিন্তু পুরুষের শকুনে চোখ থেকে তো ওর মুক্তি নেই। হ্যাঁ, তার কাঙ্খে থেকেও কলস পড়ে ভেঙে যেতে পারতো। তাই মেয়েকে আর বকাঝকা করেন না, বলেন, যাও, কাপড়টা বদলে নাও। তা না হলে আবার ঠাণ্ডা লাগিয়ে ফেলবে। জল আনতে গিয়ে খুব তো আমার উপকার করলে। এবার গায়ের কাপড় বদলে ফেলে আমাকে উদ্ধার কর।
তখন থেকেই পদ্মগন্ধার সত্যি উড়ু উড়ু ভাব। প্রজাপতির মতো রঙিন পাখনা মেলে যেন সে মনে মনে নাচছে। আর ভাবছে শের আলী গাজীর কথা। তার চেহারা বারবার তার চোখের সামনে হাজির হয়। পদ্মগন্ধার শরীর ও মনে অন্য রকম শিহরণ বয়ে যায়। নদীর ঘাটের সেই দৃশ্যটা দেখে খুব হাসি পায় তার। আড়ালে-আবডালে মুখ টিপে সে হাসে। মাঝে মাঝে তার বুকের ভেতর কষ্টও দলা পাকাতে থাকে। ওই সুন্দর, জমিদার যবন বুঝি আর এদিকে আসবে না! আসলেও কি সে আমার খবর নেবে? আর কোনোদিন কি দেখা হবে তার সাথে? আহা! যদি দেখা হতো! দেখা হলে কী বলবে সে আমাকে? আমিই বা কী বলবো তাকে? সে তো মুসলমান। আমি হিন্দু ব্রাহ্মণের মেয়ে। ধর্ম আলাাদা। জাত আলাদা। জলে-তেলে কোনোদিন কি মেশে? তবু ওই সুদর্শন যবনের জন্যই তার কেন এত মন পোড়ে? বীণার মতো ভেতরে বেজে ওঠে কেন এত হাহাকার! পদ্মগন্ধার মনে হয়, তার জলের কলস শূন্য করে চলে গেছে সে। তৃষ্ণাটুকু জাগিয়ে রেখে গেছে তার বুকের ভেতর। সে আর আসবে না। এই তৃষ্ণা নিয়েই তাকে সংগোপনে অহর্নিশি যাপন করতে হবে। কাউকে কিছু খুলে বলাও যাবে না। কিন্তু তারপরও মেঘের ফাঁক দিয়ে সূর্যটা ক্ষণিক উঁিক দেয়ার মতো তার মনে কোথায় যেন একটু আশা জেগে উঠতো — আবার আসবে সে। দেখা হবে আমার সাথে। ভাবতে ভাবতে আজ সে হাজির বাড়ির আঙ্গিনায়। সেই মনোহর কণ্ঠস্বর! বাড়িতে কেউ কি আছেন? একটু জল…। কণ্ঠস্বর শুনেই তার কেন মনে হলো, এই সেই শের আলী গাজী! গলার এমন আওয়াজ তো আরো কতজনেরই থাকতে পারে। পারে না? কিন্তু সে কীভাবে নিশ্চিত হয়ে গেল, এই মুসাফির আর কেউ নয় — ভেবে পদ্মগন্ধা বেশ অবাকই হয়। বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে যখন সে দেখতে পেলো সত্যিই সেই যবন, জমিদার শের আলী গাজী! তখন বুকের ভেতর দ্রিম দ্রিম আওয়াজ! আহা! আমি কি যাবো? নাকি এখানেই দাঁড়িয়ে থাকবো। জল না খাইয়েই তাকে যেতে দেবো? এতদিন পর সে এলো, একবার কি দেখা করবো না। মা-বাবা কেউ তো বাড়িতে নেই। এ সুযোগ কেন সে হাতছাড়া করবে? বুকের ভেতর তখন কিছুটা অভিমানও বেজে উঠছিল গোপনে — এতদিন পর এলেন?
না, পদ্মগন্ধার পক্ষে বাড়ির ভেতর আর স্থির দাঁড়িয়ে থাকা সম্ভব হয়নি। তখনই কলস থেকে ঢক ঢক করে সে জল ঢালে গ্লাসে। কিন্তু শুধু জল কি আর দেয়া যায়! গৃহস্থের অমঙ্গল হবে না? কয়েকদিন আগে মায়ের বানানো নারকেলের নাড়ু, যার গন্ধ ও স্বাদ অপূর্ব, তারই কয়েকটা বের করে কাসার থালায় নেয়। আরেক পাত্র থেকে নেয় উড়কি ধানের মচমচে মুড়ি।
তার জন্য সে ভেতরে ভেতরে কতটা ক্ষয়ে গেছে, তা আসলে তাকে দেখাতে চায়নি পদ্মগন্ধা। তাই আঁচল টেনে কলাবতীর মতো অমন ঘোমটা দিয়েছিল মাথায়। কিন্তু ঘর থেকে কয়েক কদম যেতে না যেতেই বাতাসের ঝাপটায় মাথা থেকে পড়ে গেল ঘোমটা! আঁচলটা যে আবার মাথায় টেনে নেবে সেই উপায় নেই। এক হাতে জলের গ্লাস, আর হাতে জল-খাবারের প্লেট। তাছাড়া তাকে দেখে ওই সময় তার হুঁশ-জ্ঞানও ছিল না। তৃষ্ণার্ত মুসাফির । তাকে জল খাইয়ে তৃপ্ত করতে পারলেই যেন সে সুখি। কিন্তু জলের গ্লাসটা ওভাবে পড়ে গেল কীভাবে? কার হাত থেকে? আমার? নাকি গাজীর হাত থেকে? আহা! জল না খেয়েই সে চলে গেল! আমি যদি ও কথা না বলতাম, তাহলে, হয়তো সে যেত না। আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতো। কিন্তু আমারই বা তাকে তা না বলে উপায় কী? মা-বাবা কেউ বাড়িতে নেই। এই সময় কি না নিজ বাড়ির আঙিনায় মুসলিম যবনের জলের আকুতি! হোক সে জমিদার তাতে কী? মা কি তাকে এত সহজে জল দিতো! বাদ দিই না হয় মায়ের কথা। আশপাশে এত বাড়ি থাকতে সে-ই বা কেন আমার বাড়ির আঙ্গিনায়? সে কি সবকিছু জেনেশুনেই এসেছে? নাকি পুরো ঘটনাটাই একটা কাকতালীয় ব্যাপার। এই যে জল না খেয়ে চলে গেল সে, আমার কেন বুকের ভেতর এত কষ্ট হচ্ছে। সে কি আসলেই জল খেতে এসেছিল? নাকি আমাকে দেখার ছলে? যদি জল খেতেই আসতো, তাহলে আরেকটু অপেক্ষা করতে পারতো। ঘর থেকে আরেক গ্লাস জল এনে দিতে আর কতক্ষণই বা লাগতো! অথচ সে একটুও দেরি করলো না। জল খেতে এসে জল ফেলে দিয়ে জলের তৃষ্ণা নিয়েই সে চলে গেল! যাক, কিন্তু আমাকে দেখার পর বীরপুরুষের কেন অমন দশা হলো! চোখ-মুখ কেমন ফ্যাকাসে হয়ে গিয়েছিল। তার কণ্ঠস্বর কিছুটা কেঁপে কেঁপে ভেঙে ভেঙে যাচ্ছিল। অবশ্য কিছুক্ষণ পরই সে নিজেকে অনেকটা সংবরণ করে নিয়েছিল। যতই সে সংবরণ করুক নিজেকে, আমার অনুভব ও দৃষ্টিসীমার বাইরে কি সে বেরিয়ে যেতে পেরেছিল? না, পারেনি। সে ঠিকই ধরা পড়ে গেছে আমার কাছে। তারপর থেকেই আমার ভেতরে অন্য রকম এক দহনের শুরু। তাকে কিছুতেই মনের আড়াল করতে পারছি না। এই আমি কাকে দেখলাম! কী রূপ হেরিলাম! কেন তাকে ভুলতে পারছি না? পুরো দুনিয়া আমার চোখে এখন কেন এত রঙ্গিলা লাগে? মনটা খুব অস্থির। হঠাৎ আনন্দে যেমন টুনটুনির মতো নাচতে ইচ্ছে করে, হংসীর মতো ডানা মেলে আকাশে উড়ে উড়ে ঘুরে বেড়াতে ইচ্ছে করে, এক জায়গায় কিছুতেই স্থির থাকতে মন চায় না, তেমনই অকারণে মনের মধ্যে ভিড় করে বেদনা। চোখ ভরে আসে জলে। এক যবনের জন্য আমি কি জাত-কূল-ধর্ম সব খোয়াবো! আয়ানের ঘরনি হয়ে রাধা কৃষ্ণ প্রেমে ডুবে কলঙ্কিনী হয়েছিল বটে, কিন্তু তাকে তো আর কিছু খোয়াতে হয়নি। আমার তো জাত-কূল-ধর্ম সব যাবে। এই বাড়ি, এই সমাজ, এই সম্পর্কের বন্ধন কিছুই থাকবে না। আবার এসব রাখতে গেলে গাজীকে আমার হারাতে হবে। আমি তো কিছুই হারাতে চাই না। এমন সুদর্শন রাজপুরুষের থেকে কি দৃষ্টি ফিরিয়ে নেওয়া যায়? এ যে স্বপ্নের চেয়েও সুন্দর। একবার দেখলেই তো মন বাঁধা পড়ে যায়। জাত-কূল-ধর্মের কথা মাথায় থাকে না। আহা! মানুষের কেন এত জাতপাত, ধর্ম ও সমাজ? মানুষের পরিচয় শুধু মানুষ হলেই তো ভালো হতো। কোনো বাধা থাকতো না। বিদ্বেষ থাকতো না, কোনো ঘেণ্না জন্মাতো না মানুষের মনে ও সমাজে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, ব্রাহ্মণ, নমশূদ্র, চাড়াল-চন্ডাল সব তো একই মানুষ। পার্থক্য কেবল মনে ও সমাজে। মানুষে মানুষে আদৌ কি কোনো পার্থক্য আছে? শুধু ভেদাভেদের বিষ মানুষকে মানুষ হতে দেয় না। দিবে কি কোনোদিন? তার সাথে দেখা হওয়ার আগেই তো আমি ভালো ছিলাম। কোনো দুশ্চিন্তা ছিল না। মনে সুখ ছিল, শান্তি ছিল, স্বস্তি ছিল। এখন আমার কিছুই নেই। বেদনা ও দুশ্চিন্তা আমাকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছে। কিছুতেই ছাড়ছে না। আমার মনের ভেতর গাজী, আমার চোখের ভেতর গাজী — নিপুণ শিল্পীর গড়া আল্পনার অনন্য মূর্তি হয়ে আছে। বারবার তাকে দেখতে ইচ্ছে করে। এজন্যই রাধা বলেছিল :
‘আমার শ্যাম যদি হইতো মাথার কেশ
হাতে দর্পণ ধরি, রূপ নেহারি পুরাইতাম মনের খায়েশ…’
আমি তাকে ভুলবো কী করে? হৃদয় থেকে কীভাবে মুছে ফেলবো তার প্রতিচ্ছবি? সেই শক্তি আমার কোথায়? তার চেয়ে বরং যেমন চলে যাচ্ছে সময়, যাক, দেখি নিয়তি আমাকে কোথায় নিয়ে দাঁড় করায়? না হয়, নদীর দুকূলের মতো দুজন দুই প্রান্তে দাঁড়িয়ে থাকবো। মাঝখানে জলের মতো বয়ে যাবে চিরকাল না পাওয়ার আকুতি। ধুর ছাই! আমি কেন তাকে নিয়ে এত সব ভাবছি! সে কি মনে রেখেছে আমার নাম, ধাম, পরিচয়? আমি সাধারণ ব্রাহ্মণ ঘরের একজন মেয়ে। আর তিনি তো দশ কাহনিয়ার জমিদার। কতো তার বিষয়-আশয়, কতো তার ক্ষমতার দাপট, কতো তার চাকরবাকর। কতো তার জমিজমা, সম্পত্তি, তার কোনো হিসাব আছে? তিনি আমাদের মনিব, রাজা। আমরা তার প্রজা। নিশ্চয় ঘরে তার সুন্দরী বিদূষী পত্নী রয়েছে। আমাকে ছাড়া তার আরো কত ভাবনার বিষয় আছে। একদিন হঠাৎ নদীর ঘাটে দেখা হয়েছিল, আর আজ বাড়ি এসে জল চেয়েছে বলেই কেন ভাবছি তিনি আমাকে পছন্দ করেন! বিশাল জমিদারি তার। প্রতিদিন কতো কাজ! কতো জায়গায় ছোটাছুটি করতে হয়। আজ হয়তো এ এলাকায় এসেছিল কোনো কাজে। অনেক এলাকা ঘুরে-ফিরে তৃষ্ণার্ত হয়ে পড়েছিল। তাই এসে জল চেয়েছে। জলের গ্লাস পড়ে যাওয়ায় কিছুটা বিরক্তই হয়েছিল। ভাবছে আমি একেবারে আনাড়ি। তাই জল না খেয়েই চলে গেছে। আহ! তার ঘোড়াটা কী দুর্দান্ত! তাকে নিয়ে খটখট আওয়াজ তুলে চলে গেল। যদিও তিনি বলেছিলেন আবার আসবেন, কিন্তু আর হয়তো আসবেন না কোনোদিন। কেন আসবেন? আমি তার কে? মিছেমিছি তাকে নিয়ে শুধুই ভাবছি। কোনোভাবেই তো আমি তার যোগ্য নই! অযথাই স্বপ্ন দেখছি!
পদ্মগন্ধার দু’ চোখ ভরে ওঠে জলে। খুব কান্না পাচ্ছে তার। দু হাঁটুর মাঝে মুখ লুকিয়ে হু হু করে ওঠে সে।

উপন্যাস ।। পতঙ্গপ্রাণ - সমীর আহমেদ

উপন্যাস- পতঙ্গপ্রাণ- সমীর আহমেদ- পর্ব দশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *