কাব্যশীলন সংবাদ

চিঠি দিয়ো ঘিরে শিল্পকলায় ব্যতিক্রমী সাহিত্য আয়োজন

একটি উপন্যাসকে কেন্দ্র করে সাহিত্য ও আবৃত্তির এমন নান্দনিক সম্মিলন সচরাচর দেখা যায় না। কথাসাহিত্যিক সালমা সুলতানার পত্রোপন্যাস ‘চিঠি দিয়ো’ অবলম্বনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর আবৃত্তিসন্ধ্যা। অন্যপ্রকাশ থেকে প্রকাশিত বইটিকে ঘিরে আয়োজিত এ অনুষ্ঠান সাহিত্যপ্রেমীদের জন্য হয়ে উঠেছিল এক বিশেষ আয়োজন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক ঝর্ণা রহমান, জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইন, অন্যদিন ম্যাগাজিনের এক্সিকিউটিভ এডিটর আব্দুল্লাহ নাসের, বাংলাদেশ নারী লেখক সোসাইটির সভাপতি কবি ও কথাসাহিত্যিক শেলী সেনগুপ্তা এবং সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক সাঈদা নাঈম। এ ছাড়া উপস্থিত ছিলেন অসংখ্য কবি, লেখক, পাঠক, আবৃত্তিপ্রেমী ও সাহিত্যানুরাগী মানুষ। সালমা সুলতানার ‘চিঠি দিয়ো’কে কেন্দ্র করে এমন আয়োজন লেখকের সাহিত্যজীবনে নিঃসন্দেহে এক স্মরণীয় প্রাপ্তি। একটি বই যে পাঠের গণ্ডি পেরিয়ে মঞ্চে, কণ্ঠে ও অনুভূতিতে নতুনভাবে প্রাণ পেতে পারে, এই আয়োজন যেন তারই দৃষ্টান্ত। লেখকের বিশ্বাস, সাহিত্যকে মানুষের আরও কাছাকাছি পৌঁছে দিতে এবং লেখক-পাঠকের মধ্যে আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগের পরিসর আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *