কবিতা

কবিতা- নিল হাসান

​ঘুম ঘুম চোখে
দ্বার খোলা বুকে
এলোমেলো বিছানার চাদরে
সকালের আদরে
আলতো ছোঁয়ায় ঘুম ভাঙতে
যদি চোখ পড়ে তার চোখেতে
জানি কাঁদবে তুমি কাঁদবে
এই আমায় মনে পড়বে।
দুপুরের ক্লান্তিতে
প্রাচুর্যের বিভ্রান্তিতে
ফুরিয়ে যাওয়া অপেক্ষায়
অবশেষে খাওয়া ফুচকায়
হঠাৎ বিজলি চমকাবে মনে!
জায়গা খুঁজবে লুকাবে কোনখানে।
জানি কাঁদবে তুমি কাঁদবে
এই আমায় মনে পড়বে।
ঘড়ির কাঁটায় ঠিক পাঁচটা
ফেলে আসা সেই গাছটা
মার্সিডিজের জানালায় ছুটন্ত অহংকারী তুমি
রিকশায় একদিন সাথে ছিলাম অবাধ্য আমি
আকাশের মেঘগুলো সরে সরে গেলে
রিকশাগুলো এখনো চলে হুড তুলে
জানি কাঁদবে তুমি কাঁদবে
এই আমায় মনে পড়বে।
যখন আঁধার করে আয়োজন
আদিম হিংস্রতা মেটায় প্রয়োজন
তবু ওঠে না জেগে ওঠে না মন
একটা ফুল তবু ফোটে না যখন
বাহিরে ঝুম বৃষ্টি
ঝাপসা তোমারও দৃষ্টি,
জানি কাঁদবে ভীষণ কাঁদবে
এই আমায় মনে পড়বে।

সেদিন এতোটাই মুগ্ধ হয়েছিলাম
তোমার খোঁপায় ফুল পড়ালাম
ফুল, খোঁপায় পড়েছিলো ফুল
দু’জনেই সৌরভ ছড়ালো নির্ভুল ।
বিধাতার এমনই অপার সৃষ্টি
দ্বিধায় পড়ে যায় দৃষ্টি
ফুল নয় তোমার অলংকার
তুমি ছিলে ফুলের অহংকার।

যখন আগুন লাগে, পুড়ে যায়
পুড়ে যেতে যেতে অবশেষে ছাই হয়।
তবে কি সব শেষ হয়ে যায়
সব সবটুকুই সমাপ্তি পায়?
আমি বলি না, কিছু থেকে যায়
এখানে ওখানে ডানে বায়।
যখন হাওয়া বয় সবই কি ওড়ায়
ভস্মীভূত ছাইয়ের নিচেও কিছু অবশিষ্ট রয়,
যেমন হাওয়া থেমে গেলে,তেমনি এই হৃদয়
এ হৃদয়ে তোমার সবটুকুই পোড়াই,তবু কি পুড়ে যায়?

তোমার ঐ অধরে জেগে ওঠা
এক চিলতে হাসি আর একটু
ভালোবাসার কাঙ্গাল আমি।
বেকার যুবকের মতো জণ্ডিস
রাঙা রাত্রিতে গন্তব্যহীন
স্বপ্নের পথে নামি।
তোমার ঐ নিটোল অধর আর
আমার অনুভব, মাতাল হাওয়ায়
চূর্ণ অলক লুটে খায় তোমার আদর।
প্রণয়ের প্লাবনে থর থর আমি
চাইছি এক মুঠো ভালোবাসা এক চিলতে আদর,
তুমি আর আমি নিমগ্নতায় উষ্ণতার চাদর।

যতক্ষণ তুমি আমার পাশে
মাতাল আমি ফুলের সুবাসে,
যতক্ষণ চোখ রাখি ঐ চোখে
অশান্ত সুখের সমীরণ এই বুকে।
যখন হাত রাখ এই হাতের পরে
তুমুল আইলার তান্ডব মনের ঘরে,
যখন তোমার কন্ঠ ভেসে আসে কানে
মিষ্টি সুরের আবেশ ছড়ায় এই প্রাণে।
যখন তুমি হাস প্রাণ খুলে
ফুলেরা ফুটতে যায় ভুলে,
যখন তোমার চোখে জল ছলছল
পৃথিবী আমার পদ্ম পাতায় করে টলমল।

সাগরের তীরে আছড়ে পড়ে ঢেউ
তেমনি আছড়ে পড়েছিল কেউ,
ভালো লাগা মুঠোয় ধরে
তোর ঠোঁটের পরে ।
তোর ঐ আদুরে দুটো হাত
নেশায় নিমজ্জিত নরম রাত,
নীলিমায় খুঁজিনি কোন চাঁদ
চাঁদের বুকে মুগ্ধ হাত ।
তোর দুটো সুখ ছুঁয়ে নেমেছিল জল
এই সম্পদ রাখব কোথায় বল,
আজো প্রতিদিন আসে প্রভাত
খুঁজে ফিরি আদুরে দুটো হাত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *