শাহানাজ ইয়াসমিন-এর কবিতা
উড়তে চাই ডানা মেলে
ওই যে দেখ আকাশে পাখি ওড়ে,
ওদের মতো আমিও চাই-
মুক্ত বিহঙ্গে ডানা মেলে উড়তে ।
কিন্তু কোথায় যেন একটা অদৃশ্য রেশমি রশি
আমায় বেঁধে রাখে আষ্টেপৃষ্টে
তাই আর পারিনা উড়ে যেতে।
অথচ আমিও চাই সকল বাঁধা ছিন্ন করে
পাখির মতো পুরোটা আকাশ জুড়ে
উড়ে ঘুরে বেড়াতে।
কখনো উতলা মন একাকী ছুটে চলে
আবার কখনো মাঝপথে গিয়ে
পিছু টানে কেন ফিরে আসে!
আমিও তো চাই সকল বাঁধা ছিন্ন করে
মুক্ত বিহঙ্গে ক্লান্তিহীন ডানা মেলে উড়ে
গোধুলিতে ঘরে ফিরতে !
মাঝপথে থেমে যাওয়া ভালো লাগেনা
চাই সকল বাঁধন খুলে ফেলে
দূর্বার গতিতে ছুটে চলা, নয়তো ধীরে চলা।
আমিও চাই পাখির মতো ডানা মেলে উড়তে
কিন্তু রেশমী রশির অদৃশ্য বাঁধন
কেন পারিনা আর ছিঁড়তে!
অথচ মন চায় ডানা মেলে উড়তে
আর পুরোটা আকাশ জুড়ে পাখির মতো
ঘুরে ঘুরে দেখতে।
তোমায় পড়ছিলাম
তুমি যখন আমার বই পড়ছিলে
আমি তখন তোমায় পড়ছিলাম।
কী মনোযোগ দৃষ্টি তোমার!
সেই চোখ সেই স্থিরতা,
সে এক বিশাল উদারতা!
আমি চুপিচুপি দেখছিলাম
নীরব মনে দূরে দাঁড়িয়ে।
তোমার চোখ যখন স্পর্শ করছিল
আমার সৃষ্টিশীলতার ওপরে
আমি তয়খন গভীর মনোযোগে
তোমার দৃষ্টিকে স্পর্শ করছিলাম
আমার দৃষ্টিতে।
কী অসাধারণ এক অনুভূতি!
আমি এখনো ভুলিনি সেই দৃষ্টি,
যেন পৃথিবীর বুকে তুমি ছিলে স্বর্গ
আর আমি ছিলাম তোমার স্বপ্ন সৃষ্টি।
জানো,এখনো মাঝেমাঝে সেই
জোড়া চোখ আমায় উদাস করে
তোলে।
আর যখন উদাস করে তোলে!
আমি তখন প্রকৃতিকে স্বাক্ষী রেখে,
খাতা-কলম কালি ছেড়ে
চোখে চোখে কবিতা লিখি।
হ্যাঁ, চোখে চোখে কবিতা লিখি।
রেললাইন
এই যে এই রেললাইন
তা কি শুধুই শূন্য!
না, না না
এখানে অনেক কিছুই আছে!
এখানে আকাশ আছে
গাছ আছে
বাতাস আছে
পাখি আছে
এখানে শূন্যতার পরিপূর্ণতা আছে।
এখানে আকাশ আলো দেয়
গাছ ছায়া দেয়
বাতাস সতেজতা দেয়
আর পাখি,
পাখি গান শোনায়।
এই যে এই রেললাইন
তা কি শুধুই শূন্য!
না, না না
এখানে একাকীত্বের সঙ্গ আছে!
এখানে দৃষ্টি আছে
ভাবনা আছে
সৃষ্টি আছে
কবি আছে
এখানে একাকীত্বের পরিপূর্ণতা
আছে!
এখানে দৃষ্টি গভীরে যায়
ভাবনা ভাবতে শেখায়
সৃষ্টি লিখতে শেখায়
আর কবি,
কবি তার কবিতা শোনায়।
এখানে সীমাহীন উদারতা হাতছানি
দেয়!
এখানে ধৈর্য আছে
সহ্য আছে
শিক্ষা আছে
স্মৃতি আছে
এখানে উদারতা ডাকে আয় আয়
আয়।
এখানে ধৈর্য অপেক্ষা করতে শেখায়
সহ্য সহনশীলতা শেখায়
শিক্ষা বিনয়ী হতে শেখায়
আর স্মৃতি,
স্মৃতি অতীতকে ধরে রাখতে
শেখায়।
এই যে এই রেললাইন
তা কি শুধুই শূন্য!
না, না না
এখানে অনেক কিছুই আছে!
শেষ থেকে শুরু
যার শুরু আছে, তার শেষ ও আছে।
শেষ হবার জন্যই তো আর একটির নতুন শুরু!
যে বারটি মাস পেরিয়ে এলাম
তার কোনো হিসেব মেলেনি, হিসেব মেলেনি
যোগ বিয়োগ গুন ভাগ অংক,
গঠন মতো করা শেষে ফলাফল দেখিছি শুধু শূন্য!
তাই হিসেব মিলাতে না পেরে প্রতিটি দিন কেটেছে
এলোমেলো, অগোছালো
আর এলোমেলো টুকরো গুলো যখন কুড়িয়ে নিয়েছি
ধুলো ঝেড়ে গোছাতে গিয়েছি,সাজাতে গিয়েছি
ঠিক তখনই অশুভ শক্তি এসে তছনছ করে দিয়েছে।
তবে হ্যাঁ, কিছুকথা কিছু স্মৃতি কষ্টের হলেও এনে দেয়
আনন্দ অনুভূতি,
নিজস্ব গতি
আর ধৈর্যের শক্তি।
তাইতো বিদায় বছর শুরু থেকে শেষ পর্যন্ত যা সঞ্চয় করেছি
তাই নিয়েই পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে
স্বাগত জানাতে এসেছি-
‘‘এসো হে বৈশাখ,’’
নিয়ে এসো শান্তি
কেটে ভুল ভ্রান্তি শুভ নববর্ষ
