কাব্যশীলন

রবীন্দ্রনাথ কে নিয়ে তিনটি ছড়া- জাহাঙ্গীর আলম জাহান

রবীন্দ্রনাথ বিরাট পাপী
কেন তাকে মহান মাপি
ইস্কুলে যে পড়ায় তাকে
শয়তান সে ফেরেস্তাকে
দিতে হবে সাজা ভীষণ
কিংবা যদি টেলিভিশন
দেখায় কভু ওই চেহারা
বুদ্ধি তবেই হয় সে হারা
তার চাকরি খাবো তবে
বেশ তাহলে মজাই হবে।

আরে বোকা-বুদ্ধু তোরা
রবীন্দ্র পায় পুষ্প-তোড়া
সে কখনো-ই নয় পতিত
সব মননেই রয় গ্রোথিত
তাকে যদি মুছবি আরো
হবেন আবার প্রবল গাঢ়
বাঙালিদের মনন পোড়া
রবির বসত বিশ্ব-জোড়া
যায় না মোছা রবীন্দ্রকে
বঝলি কিছু, ওকে ওকে।

ঠাকুর কবি রবীন্দ্রনাথ
স্মরণীয় সুরের প্রপাত
দেন ছড়িয়ে গানে
বিশ্ববাসীও জানে
তার সঙ্গীত সুরেরধারা
হৃদয়কে খুব টানে।

তার কবিতা গল্প নাটক
মুগ্ধমনে আজও পাঠক
আনন্দ পায় পড়ে
তাইতো ঘরে ঘরে
রবীন্দ্রনাথ বেঁচে আছেন
ব্যাপক সাড়ম্বরে।

রবীন্দ্রনাথ একাই একক
কবির কবি সেরা লেখক
তার সমতুল নাই
করি না আই-ঢাঁই
সুর-লহরীর সকল রাগে
তাকেই খুঁজে পাই।

একজনই হয় রবীন্দ্রনাথ
আধমরাকে তীব্র আঘাত
করেছিলেন তিনি
সবাই তাকে চিনি
সবার মগজ, মন-মননেই
জিন্দা প্রতিদিনই।

যেটাই লেখি হায় রে একি
রবীন্দ্রনাথ মশায়
এটাও দেখি লিখে গেছেন
তার কলমের ঘষায়।

এই যে এত লিখছি লেখা
রবীন্দ্রনাথ নিজেই একা
সব গিয়েছেন লিখে
আমার লেখা কী কারণে
থাকবে বলুন টিকে?

রবি বাবুর ভাব-বলয়েই
বন্দি আছি আজও
পারছি নাতো দিতে নতুন
লেখার কারুকাজও।

তার প্রভাবে আমরা কবি
লিখছি তারই ধারায়
সব ভাবনাই রবির কাছে
থমকে এসে দাঁড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *