অণুগল্প- নীহার দহন- রফিকুল ইসলাম আধার
শেরপুর-জামালপুর সীমান্তে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে শুভ্র কাশফুলের ঢেউ। শরতের এই উদাস বাতাসে প্রতি বছরের মতোই জমে উঠেছে ভ্রমণপিপাসুদের আনাগোনা।
দম্পতি আর যুগলদের হাসিমুখের ভিড়ে একা বসে আছেন চল্লিশোর্ধ্ব আফরোজা বিনতে নীহা। বিশাল চরের কোল ঘেঁষা নদের তীরে হাঁটতে গিয়ে আজ আর তাঁর পা চলছে না। বিশ বছর আগের এক বিয়োগান্তক অতীত যেন ধূসর কুয়াশা চিরে তরতাজা হয়ে ভেসে উঠছে তাঁর দুচোখের ক্যানভাসে।
সেদিনও ছিল এমনই এক শরতের অপরাহ্ন। অনার্সের শেষ বর্ষে পড়া নীহা জেদ ধরেছিলেন ব্রহ্মপুত্রের চরে ঘুরতে যাবেন। কিন্তু সারোয়ার জাহান পনির রাজি হচ্ছিলেন না। বেকারত্ব, সামনে মাস্টার্সের প্র্যাক্টিক্যাল পরীক্ষা—সব মিলিয়ে পনিরের মনজুড়ে ছিল এক অনিশ্চিত ভবিষ্যৎ।
—‘আর দুটো সপ্তাহ পর গেলে হয় না, নীহা? পরীক্ষাগুলো শেষ হলে একদম নির্ভার হয়ে ঘোরা যেত।’ পনিরের চোখে ছিল আকুতি।
নীহা মুখ ভার করে বলেছিলেন, তখন কি আর কাশফুল থাকবে? থাকবে এই সতেজ শরতের দোলা?
আমি বাসি বাতাসে ভাসতে চাই না, পনির পনির একটু হেসে নীহার হাত ধরে বলেছিলেন, ‘বর্ষায় কি কম ঘুরেছি আমরা? গজনী,
মধুটিলা, লাউচাপড়া—কোথায় যাইনি বল তো? এই কটা দিন একটু ধৈর্য ধরলে কী এমন ক্ষতি হবে?’
—‘এটা হিসাব-নিকাশের গল্প নয়, পনির। মন থেকে চাইছি বলেই বলছি। নাকি আমার সাথে বের হতে এখন আর ইচ্ছে করে না?’
—‘পাগল হয়েছ? মা তো বলেই দিয়েছেন, পরীক্ষাটা শেষ হলেই আমাদের বিয়ের আয়োজন করবেন। শুধু তোমার ওই অধৈর্য মনটার কথা ভেবেই ভয় হয়।’
—‘তাহলে কাল বিকেলে যাচ্ছ তো? নাকি আমি একাই চলে যাব?’
নীহার সেই অভিমানী জেদের কাছে হার মানতেই হয়েছিল পনিরকে। শুক্রবার বিকেলে দুজনে এসে দাঁড়িয়েছিলেন এই দিগন্তজোড়া কাশবনে।
নদের তীরে বসে যখন দুজনে বুঁদ হয়ে ছিলেন আগামীর স্বপ্নে, ঠিক তখন মৃদুমন্দ বাতাসে দোল খাওয়া সাদা কাশফুলের এক গুচ্ছ শীষ নীহার মন কাড়ে। পনির আলতো হেসে বললেন, ‘কটু বস, আমি নিয়ে আসছি।’
ঘন কাশীয়ার বনে পা বাড়ালেন পনির। কয়েকটা শীষ ভেঙে নিয়ে ফিরতি পা ফেলতেই ঘটে গেল সেই চরম বিপর্যয়! ঝোপের নিচে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের ওপর পড়ল তাঁর ডান পা। সঙ্গে সঙ্গেই এক হিংস্র ছোবল!
যন্ত্রণা চেপে পনির কোনোমতে দৌড়ে বাইরে এলেন। নীহার খোঁপায় দুটো কাশফুল গুঁজে দিয়ে বাকিগুলো হাতে তুলে দিয়েই ঢলে পড়লেন তাঁর কোলে। নীহার চিৎকার, ওড়না ছিঁড়ে হাঁটুতে বাঁধন, চারপাশের মানুষের আকুলতা—সবকিছুকে স্তব্ধ করে জামালপুর হাসপাতালে পৌঁছানোর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পনির।
পনিরের সেই অসমাপ্ত বিদায়ের পর নীহার জীবনধারাও বদলে গেল। আর অন্য কোথাও ঘর বাঁধার কথা ভাবেননি তিনি। শিক্ষকতাকে পেশা বানিয়ে পনিরের নিঃসঙ্গ মায়ের কাছেই থেকে গেছেন আজীবন; সেই বাড়িটিকেই করে নিয়েছেন নিজের স্থায়ী নীড়।
প্রতি শরতে এই নদের তীরে আসেন নীহা। প্রতিবার কাশফুলের বাতাসে তিনি দেখতে পান খোঁপায় ফুল গুঁজে দিয়ে তাঁর কোলে ঢলে পড়া এক নিথর পনিরকে।
দীর্ঘশ্বাসে ভেসে যায় চারপাশ। তন্দ্রা ভাঙলে আফরোজা বিনতে নীহা অস্ফুটে শাড়ির আঁচলটা গুছিয়ে নেন। এক বুক দহন আর ভাঙা হৃদয় নিয়ে ধীরে ধীরে নিভে আসা বিকেলের আলোয় ফেরার পথ ধরেন…
